চাঁদপুরে জেলেদের ভিজিএফের প্রায় ৫ টন চালভর্তি ট্রাক জব্দ, তদন্ত কমিটি গঠন
বার্তা প্রেরক
মহসিন হোসাইন
চাঁদপুর
মহসিন হোসাইন।। চাঁদপুর সদর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের (VGF) প্রায় ৫ টন সরকারি চাল পা-চারের অভিযোগে একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জব্দ করা চাল তদন্ত কমিটির হেফাজতে থাকবে।
প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ মোড় এলাকা থেকে চালভর্তি ট্রাকটি আটক করা হয়।
অভিযানের বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জেলা প্রশাসক স্যার এবং সদর ইউএনও স্যারের ফোন পেয়ে আমরা জানতে পারি যে, জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চালের একটি চালান চাঁদপুর জেলার বাইরে পা-চার করা হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই আমরা ট্রেস করা শুরু করি। পরবর্তীতে বিপণীবাগের সামনে এসে ট্রাকটি আটক করতে সমর্থ হই।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালবাহী ট্রাকটি আলীগঞ্জ হয়ে লাকসামের দিকে যাচ্ছিল। ট্রাকে থাকা স্লিপে ৪ হাজার ৯৩০ কেজি চালের উল্লেখ রয়েছে, যা প্রায় ৫ টন। বস্তা গণনা শেষে চালের সুনির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করা হবে।
এ ঘটনায় কোনো প্রশাসনিক কর্মকর্তা কিংবা দায়িত্বশীল ব্যক্তি জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে, চাল পা-চারের অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোস্তফা কামাল শামীম। মুঠোফোনে তিনি জানান, তাঁর ইউনিয়নের জন্য ১১৩ টন চাল বরাদ্দ ছিল। এর মধ্যে ১০৪ টন চাল ছাড়িয়ে আনা হয়েছে। তবে এখনো উপকারভোগীদের কার্ড কিংবা চাল বিতরণ শুরু হয়নি। আগামী বুধবার থেকে বিতরণ শুরু হওয়ার কথা রয়েছে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মোস্তফা কামাল শামীম বলেন, ফেসবুক ও নানা মাধ্যমে যে লেখালেখি হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে আগে থেকেই চক্রান্ত করা হচ্ছে। আমি কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই।
এদিকে, জব্দ করা চাল বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।