মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে অভিযান চালিয়ে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় ৬টি ইঞ্জিনচালিত নৌকা, ১০ মণ ইলিশ মাছ ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৬টি নিয়মিত মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁদপুর সদর নৌ থানা এলাকার নদীপথে নৌ পুলিশের বিশেষ অভিযানে এসব জেলে গ্রেপ্তার ও মালামাল জব্দ করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইলিশ মাছ, অবৈধ কারেন্ট জাল ও নৌকাগুলো জব্দ করা হয়।
চাঁদপুর সদর নৌ থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর প্রথম সপ্তাহে ৫০ কেজি ইলিশ মাছ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে চাঁদপুর সদর নৌ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।