মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারিম্যানের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) গজারিয়া থানাধীন বাউশিয়া এলাকার পাখির মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মহিবুল্লা হোসেন লামীম (২৪) ও মো. রবিউল ইসলাম সানজিদ (১৮)। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের স্থায়ী বাড়ি যথাক্রমে চাঁদপুরের হাজীগঞ্জ ও বরিশালের কাজীরহাট এলাকায়।
তারা ঢাকার কলাবাগান থানাধীন ধানমন্ডি গ্রিন রোডের একটি ঠিকানায় অস্থায়ীভাবে বসবাস করতেন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে গজারিয়া থানা পুলিশের একটি দল বাউশিয়ার পাখির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পাঠাও কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারিম্যানের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।