তাজা খবর
বিজ্ঞাপন

যে ঘরে অটোর গ্যারেজ, সেই ঘরেই সারের ডিলারের গুদাম

Liton mahmud 2 hours আগে | ১১:০০ AM

নিজস্ব প্রতিবেদক:

একই টিনের কাঁচা ঘরের এক পাশে সারের দোকান, অন্য পাশে সারি সারি অটো। ঘরটি ব্যবহৃত হচ্ছে অটোর গ্যারেজ হিসেবে। অথচ সেই ঘরকেই সারের গুদাম হিসেবে ভাড়া নিয়ে ডিলারশিপের অনুমোদন পেয়েছে ‘নাফিজা এন্টারপ্রাইজ’। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়নে এ চিত্র দেখা গেছে।

এতে সার ডিলার নিয়োগের সময় গুদামের উপযোগিতা যাচাই ও যোগ্যতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

উপজেলার ১৩টি ইউনিয়নে একজন করে মোট ১৩ জন সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদে আবেদন করেছিলেন ৫৫ জন। নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগের মধ্যে পাঁচগাও ইউনিয়নের ডিলার প্রতিষ্ঠানের গুদামের বাস্তব অবস্থা সামনে এসেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচগাও ইউনিয়নের ডিলার প্রতিষ্ঠান নাফিজা এন্টারপ্রাইজের জন্য নির্ধারিত ঘরটিতে অটোর গ্যারেজের কার্যক্রম চলছে।

ঘরের এক পাশে সারের দোকান, অন্য পাশে রাখা হয়েছে সারি সারি অটো। টিনের তৈরি ঘরটির ভিটিও কাঁচা।

প্রতিষ্ঠান-টির মালিক মো. কাইউম ফকির বলেন, ❝সার এখনো আসেনি। সারের গুদাম হিসেবে অটোর গ্যারেজটিই ভাড়া নেওয়া হয়েছে। সার এলে গুদামটি উপযোগী করা হবে।

বিজ্ঞাপন

তাঁর বক্তব্য অনুযায়ী, ডিলারশিপের অনুমোদন পাওয়ার পরও গুদামটি সার সংরক্ষণের উপযোগী করে তোলার কাজ বাকি রয়েছে। এ অবস্থায় নিয়োগের সময় গুদামটি পরিদর্শন করা হয়েছিল কি না এবং প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

নিয়োগপ্রক্রিয়ার তদন্ত কমিটির সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, ❝আমরা সরেজমিনে গিয়ে যা পেয়েছি, তা-ই প্রতিবেদনে দিয়েছি। পাঁচগাও ইউনিয়নে যতগুলো আবেদন ছিল, তার মধ্যে নাফিজা এন্টারপ্রাইজের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। টিনের ঘরের কাঁচা ভিটি ছিল। ওই ঘরটি যে তার গুদাম, তা বোঝার উপায় ছিল না, কারণ ওই ঘরে আরেকজন ব্যবসা করেন।

তিনি আরও বলেন, ❝আমাদের প্রতিবেদন দেওয়ার কাজ আমরা করেছি। তবে ডিলার নিয়োগ হয়েছে ওপরের মহলের সুপারিশে। নাফিজা এন্টারপ্রাইজের জন্য সংসদ সদস্যের ডিও লেটার ছিল।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির এই সদস্যের বক্তব্যে সরেজমিন পরিদর্শনের পর্যবেক্ষণ ও চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্তের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে যে প্রতিষ্ঠানের গুদামের অবস্থা সবচেয়ে খারাপ বলে উল্লেখ করা হয়েছে, সেই প্রতিষ্ঠান কীভাবে ডিলারশিপ পেয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

এদিকে, ৫৫ জন আবেদনকারীর মধ্য থেকে ১৩ জনকে নির্বাচনের ক্ষেত্রে কী কী যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষ করে গুদামের অবকাঠামো, সার সংরক্ষণের উপযোগিতা এবং সরেজমিন তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে কীভাবে চূড়ান্ত তালিকা করা হয়েছে, তা প্রকাশের দাবি উঠেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ