মুক্তাগাছায় ট্রান্সফরমার চু’রি’র ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে মা’রা’মা’রি, আহত ৭
মোঃ সোহানুর রহমান, মুক্তাগাছা ময়মনসিংহ।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নে ট্রান্সফরমার চুরির ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত গ্রাম্য সালিশে মারামারির ঘটনা ঘটেছে। গত ২৫ অক্টোবর (রোববার) কাশিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সালিশ চলাকালে সভাপতির বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ৯নং কাশিমপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান (কাসেমী) সহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর উপজেলার গোবিন্দপুর এলাকায় ট্রান্সফরমার চুরির অভিযোগে স্থানীয় লোকজন মোঃ নাজমুল হক (পিতা: নাজিমুদ্দিন) ও মোঃ সাজ্জাদ হোসেনকে (পিতা: সিদ্দিকুর রহমান) আটক করেন। তাঁদের বাড়ি বরটেংগড় গ্রামে। ট্রান্সফরমার চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাহমুদুল ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাঁদের বাড়ি শৈচাপড়া গ্রামে। এদিকে ট্রান্সফরমার চুরির বিষয়টি ক্ষতিগ্রস্তদের অবহিত করেন বরটেংগড় এলাকার আবু জাফর।
সালিশ চলাকালে হা-মলা ও মারামারির ঘটনায় কাশিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এনাম এবং যুবনেতা সাইদি মিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৯ নম্বর কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কেরানী ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনজুরুল হক আরিফের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।