ওয়াজ মাহফিলের নামে সড়কে কালেকশন বন্ধের আহ্বান ইত্তেফাকুল উলামার।
মোঃ সোহানুর রহমান।
ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনের নামে মসজিদ-মাদরাসা কমিটি, যুবসমাজ, এলাকাবাসী কিংবা আয়োজক সংগঠনের দায়িত্বশীলদের গাড়ি আটকে সড়কে চাঁদা বা কালেকশন না করার আহ্বান জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।
ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখনুল উলুমে অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়।
সংগঠন-টির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াজ মাহফিল ও ইসলামী সম্মেলনের নামে সড়কে গাড়ি আটকে কালেকশন করার কারণে ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় ব্যক্তিত্ব ও ধর্মের ধারক-বাহকদের প্রতি সাধারণ মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের ফলে সমাজে ভুল বার্তা ছড়াচ্ছে, যা দীর্ঘমেয়াদে ইসলামী শিক্ষা ও আদর্শের জন্য ক্ষতিকর।
বিশেষ করে সড়কে কালেকশনের মতো ঝুঁকিপূর্ণ কাজে মাদরাসার কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মুহতামিম, পরিচালক ও জিম্মাদারদের এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সংগঠন-টির নেতারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ ও সামাজিক বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এ আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় আয়োজনের মর্যাদা রক্ষা এবং ইসলামী শিক্ষা ও আদর্শের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বৈঠকে সংগঠন-টির পক্ষে মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ও মাওলানা আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট নেতারা এ বিষয়ে আহ্বান জানান।