তাজা খবর
বিজ্ঞাপন

লামায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

Desk Editor 2 hours আগে | ০৭:২২ PM

লামায় জাতীয় যুব দিবস উদযাপন, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান)

 

‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বাবলম্বী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১ নভেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, চিকিৎসক ডা. সোলাইমান আহমেদ এবং লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএলবি। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল, প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু সরকারি-বেসরকারি চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সরকারি কারিগরি প্রশিক্ষণ ও ঋণ সহায়তার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এ সময় তিনি যুবসমাজকে মা-দক, ব-াল্যবিবাহ, সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী হোসেন বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর লামার যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মকর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, সুস্থ, সবল ও কর্মক্ষম যুবসমাজ ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি, স্বাস্থ্যসচেতনতা ও মা-দকমুক্ত জীবনযাপন যুবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভার একপর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়। ঋণের অর্থ যথাযথ পরিকল্পনায় কাজে লাগিয়ে নতুন উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে লামার যুবসমাজের মধ্যে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ