দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বিঘ্নিত করার চক্রান্ত এবং সব ধরনের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদল।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মধ্যরাতে কুবি ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ’র নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “শেখ হাসিনা ও তার পেটুয়া বাহিনীর দেশবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার প্রতিবাদের পাশাপাশি শিক্ষার্থীদের সতর্ক অবস্থানে থাকার জন্য কুবি ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের সরকারবিরোধী চক্রান্ত, নাশকতা ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়টির হল ও অনুষদের নেতৃবৃন্দের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।”
তিনি আরও বলেন, “এই মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিয়ত ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় সিদ্ধান্ত মেনে লিগের সব ধরনের অন্যায়, অত্যাচার ও অরাজকতা প্রতিহত করতে সর্বস্তরের নেতাকর্মীদের সর্বদা সচেষ্ট থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, “দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ-সংক্রান্ত আইন ও সরকারি সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষিদ্ধ সাংগঠনিক তৎপরতা, সহিংসতা, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে রাষ্ট্র ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশকে একটি বাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণে এবং বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনআকাঙ্ক্ষা শতভাগ পূরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সরকারের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।”