এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ক্যানসার চিকিৎসায় নতুন মাইলফলক
লাইফ সাপোর্টে থাকা রোগীর ব্রেইনস্টেম গ্লিওমার সফল রেডিওথেরাপি
চট্টগ্রাম প্রতিনিধি: মোঃ জসিম
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম বাংলাদেশের ক্যানসার চিকিৎসায় নতুন এক মাইলফলক স্থাপন করেছে। হাসপাতালটি প্রথমবারের মতো লাইফ সাপোর্ট (মেকানিক্যাল ভেন্টিলেটর) এ থাকা এক জটিল ব্রেইনস্টেম গ্লিওমা আক্রান্ত ১৮ বছর বয়সী রোগীর ৩০টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পন্ন করেছে।
বুধবার (২২ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে রোগীটি জটিল ব্রেইনস্টেম গ্লিওমায় ভুগছিলেন। সময়ের সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শরীরের বাম পাশ দুর্বল হয়ে যায়, কথা বলতে ও খাবার গিলতে সমস্যা দেখা দেয় এবং শ্বাসকষ্ট বেড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হলেও সেখানে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। পরে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
চট্টগ্রামে ফিরিয়ে আনার পর সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালের মেডিকেল আইসিইউতে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি বিভাগের ভিজিটিং কনসালট্যান্ট ডা. ভাস্কর চক্রবর্তী রোগীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। পরিবারের সম্মতিতে ভেন্টিলেটর সাপোর্টে থাকা অবস্থাতেই রেডিওথেরাপি শুরু করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আইসিইউ ও ক্যানসার বিশেষজ্ঞদের সমন্বিত তত্ত্বাবধানে ৩০টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ভেন্টিলেটর, ট্র্যাকিওস্টোমি ও ন্যাজোগ্যাস্ট্রিক (এনজি) টিউব খুলে ফেলা হয়। পুনর্বাসন ও ফিজিওথেরাপির মাধ্যমে তিনি আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা ও খাবার গ্রহণ করতে সক্ষম হন। চিকিৎসা-পরবর্তী এমআরআই ফিউশন স্ক্যানে টিউমারের উল্লেখযোগ্য উন্নতির প্রমাণ পাওয়া গেছে।
ডা. ভাস্কর চক্রবর্তী বলেন, “লাইফ সাপোর্টে থাকা রোগীর আইসিইউ পরিবেশে ৩০টি রেডিওথেরাপি সফলভাবে সম্পন্ন করা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কাজ। রোগীকে সুস্থ করে ঘরে ফিরিয়ে দিতে পারা আমাদের পুরো মেডিকেল টিমের বড় অর্জন।”
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, “প্রতিটি রোগীর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী সিদ্ধান্ত এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশেই বিশ্বমানের জটিল ক্যানসার চিকিৎসা সম্ভব—এই সাফল্য তারই প্রমাণ।”
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে ক্যানসার চিকিৎসায় নতুন মাইলফলক লাইফ সাপোর্টে থাকা রোগীর ব্রেইনস্টেম গ্লিওমার সফল রেডিওথেরাপি
Md. Jasim Chittagong
৫১ দিন আগে | ০৯:৩৪ PM