কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত, গোপন ব্যালটে আমীর নির্বাচন।
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলার নেহাল গ্রিন পার্কের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খান, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা অধ্যক্ষ মো. তৈয়বুজ্জামান ও অধ্যাপক আব্দুস সালাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, ঢাকা মহানগরী উত্তরের শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ, ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ারী থানা জামায়াতের আমীর মাহবুবুর রহমান মাহফুজ এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদ বিল্লাহ প্রমুখ।
এ ছাড়া সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীল নেতাকর্মী এবং রুকনরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উদ্বোধনী বক্তব্য শেষে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী দলীয় নিয়ম অনুযায়ী নির্বাচন পরিচালকদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে তিনি সভাপতির আসন ছেড়ে সাধারণ রুকনদের সারিতে বসেন।
এ অধিবেশনে আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠন-টির আট শতাধিক পুরুষ ও নারী রুকন এ নির্বাচনে ভোট দেন। তবে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। কেন্দ্রীয়ভাবে পরবর্তী সময়ে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সাইফুল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম ও মাওলানা এস এম ইউসূফ।