লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। ফাইনালে সিরাজদিখান থানাকে ২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গজারিয়া থানা দল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার, মা-দক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন থানার সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত ছয়টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় গজারিয়া থানা ও সিরাজদিখান থানা দল মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় গজারিয়া থানা ৫০ পয়েন্ট এবং সিরাজদিখান থানা ২২ পয়েন্ট অর্জন করে। ফলে ২৮ পয়েন্টের ব্যবধানে জয় পেয়ে গজারিয়া থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌর প্রশাসক মৌসুমি মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অতিথিরা বলেন, কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের মতো আয়োজন স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের জনসম্পৃক্তমূলক আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ও অংশীদারিত্বও বাড়বে।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।