সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক-যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেছেন, গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রোডশো বের করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী—উভয়কেই অবশ্যই হেলমেট পরতে হবে। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা শুধু মানুষের প্রা-ণহানিই ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে ঠেলে দেয়।
তিনি আরও বলেন, সড়ক নিরাপদ রাখতে সচেতনতা, নিয়মানুবর্তিতা ও ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। বয়স্ক যাত্রীদের সঙ্গে তরুণদের ভালো আচরণ করতে হবে এবং সবার মধ্যে মানবিকতা ও মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। সড়ক নিরাপদ রাখার দায়িত্ব শুধু চালকের নয়; মালিক, চালক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিআরটিএ চাঁদপুর সার্কেলের উচ্চমান সহকারী এমদাদুল হক শামীমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
সভায় আরও বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল এবং চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির শেষপর্যায়ে অভিজ্ঞ চালকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিরা।