তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে দুর্গাপূজায় কঠোর নজরদারি, সিসি ক্যামেরায় থাকবে ২৩২ মণ্ডপ

Md. Mohashin Hossain Chandpur 4 hours আগে | ০৪:৩৭ PM

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার ৭ অক্টোবর চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। সকল পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং কঠোর নজরদারিতে রাখা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে কোনো অপতথ্য ছড়াতে না পারে, সেদিকে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো সমস্যা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পূজার সময় স্বাস্থ্য বিভাগ মেডিকেল টিম রাখবে। মণ্ডপের আশপাশে দোকান বা বাজার থাকলেও কোনোভাবেই মেলা বসতে দেওয়া হবে না। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের ওপর নজরদারি বাড়িয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা সম্ভব। তিনি প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, ❝এ দেশটা আমাদের, এ দেশটা আমাদের সকলের। সমন্বিত প্রচেষ্টায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন সম্ভব উল্লেখ করে তিনি বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, পূজামণ্ডপগুলোতে বিশেষ করে রাতে নিরাপত্তা জোরদার করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে দক্ষ আইটি বিশেষজ্ঞের সহায়তা নিয়ে অনলাইনে অপতৎপরতা শনাক্ত করার পরামর্শ দেন তিনি। পূজা-সংক্রান্ত তথ্য দ্রুত গণমাধ্যমে প্রচারে চাঁদপুর প্রেস ক্লাব ও সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সভাটি পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন।

সভায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ইকব-াল জেলার দুর্গাপূজার সার্বিক তথ্য তুলে ধরেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৪১টি, ফরিদগঞ্জে ২৩টি, হাইমচরে ৬টি, হাজীগঞ্জে ২৯টি, মতলব দক্ষিণে ৩৯টি, মতলব উত্তরে ৩৬টি, কচুয়ায় ৩৯টি এবং শাহরাস্তিতে ১৯টি মণ্ডপ রয়েছে।

বিজ্ঞাপন

সভায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা পূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ