উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য অর্জন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক বিভাগীয় প্রধান মো: বাইজীদ আহম্মেদ রনি। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুরে ম্যানেজমেন্ট সাইন্সেস বিভাগে মার্কেটিং ডোমেইনে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপসহ ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেয়েছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) চাঁবিপ্রবি’র সহকারি অধ্যাপক বাইজীদ আহম্মদ নিজেই বিষয়টি নিশ্চিত করেন দ্য ডেইলি ক্যাম্পাস’কে। তিনি জানান, উচ্চ শিক্ষার জন্য তাঁর এই গন্তব্য। ভবিষ্যতে দেশকে আরও ভালো কিছু দেয়ার প্রত্যাশায় তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করতে সকলের দোয়া প্রার্থী।
মো: বাইজীদ আহম্মেদ রনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী। শিক্ষা জীবনে তিনি বিবিএ এবং এমবিএ পরীক্ষায় ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। তার বাড়ি গাজীপুরের কোনাবাড়ীতে। চলতি বছরের জুলাই মাসে তিনি আইআইটি কানপুরের পিএইচডি প্রোগ্রামে যোগ দেন।
স্কলারশিপের আওতায় তিনি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, মাসিক উপবৃত্তি, গবেষণা সম্মেলনে অংশগ্রহণের জন্য ভ্রমণ ভাতা, স্বাস্থ্যসেবা এবং একাডেমিক খরচের জন্য আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।