মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার টঙ্গিবাড়ি বাজারের মাঝি মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি কসমেটিকস প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কোরিয়ান বিউটি শপ-এ বিভিন্ন ধরনের বিদেশি কসমেটিকস বিক্রি হতে দেখা যায়। তবে এসব পণ্যের মোড়কে আমদানিকারকের তথ্য এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য (এমআরপি) উল্লেখ ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠান-টির মালিক অর্নব ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কে বিউটি ব্র্যান্ড দোকানেও একই ধরনের অনিয়ম পাওয়া যায়। বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ না থাকায় দোকান-টির ম্যানেজার শান্ত শিকদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাঁকে সহযোগিতা করেন টঙ্গিবাড়ি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টঙ্গিবাড়ি থানা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।