লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সিদ্ধেশ্বরী, রাউৎভোগ মণ্ডলবাড়ি, রাউৎভোগ বকুলতলা ও নয়া নন্দন ডাক্তারবাড়ি পূজামণ্ডপে যান। সেখানে পূজামণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আক্তার হোসেন মোল্লা বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পূজারীদের সুবিধা-অসুবিধার খোঁজ নেওয়ার উদ্দেশ্যেই তাঁর এ পরিদর্শন।
এ সময় উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম কাজী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিল্লাত ভূঁইয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাইক ও সাধারণ সম্পাদক রহমান মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন বেপারী ও সাধারণ সম্পাদক মিজান মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সাঈদ কবিরাজ, শরীফ হোসেন মাকসু ও মোস্তফা, মহিলা ইউপি সদস্য কাকলী ও জেসমিন সুইটি, স্বেচ্ছাসেবক দলের রাজিব, শ্রমিক দলের হাসিবুল হাসান রনি, ইউনিয়ন বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মফিজুল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।