সিরাজগঞ্জের তাড়াশে দুই মাসের বকেয়া বেতন চাওয়াকে কেন্দ্র করে মো. আল-আমিন নামে এক মুয়াজ্জিনকে মা-রধরের অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের মাধবপুর পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী মো. আল-আমিন উপজেলার মাধবপুর গ্রামের মো. চান মিয়ার ছেলে। তিনি প্রায় এক বছর এক মাস ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার অভিযোগ, দুই মাসের বেতন বাবদ মোট ১৬ হাজার টাকা বকেয়া রয়েছে।
আল-আমিন জানান, বকেয়া বেতন পরিশোধের জন্য একাধিকবার মসজিদ কমিটির কাছে দাবি জানিয়েছেন তিনি। পরে মসজিদের ক্যাশিয়ার মো. আব্দুল কুদ্দুসের কাছে টাকা চাইতে গেলে গ্রামের প্রধান মো. আলতাব আলী তাকে টাকা দিতে নিষেধ করেন। এ বিষয়ে গ্রাম প্রধানের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে তার লোকজন নিয়ে তাকে মা-রধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী একজন মুয়াজ্জিনের সঙ্গে এমন আচরণের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মো. সবের আলী ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকার কারনে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. আলতাব আলীর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগীর বকেয়া বেতন পরিশোধসহ ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।