সিরাজগঞ্জের তাড়াশে সরকারবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার চেষ্টার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী এবং মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ ইউনিয়নের মহেষ রৌহালী গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোহাম্মদ প্রামানিক (৩৫) এবং মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের ইমান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার (৬ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে।