আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনীতি ও সামাজিক অঙ্গনে জোরালোভাবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব জুবায়ের হোসেন খোকন। এলাকার সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি ইতিমধ্যে ভোটারদের নজর কেড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেন খোকন দীর্ঘদিন ধরে তাড়াশ সদর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে মা-দক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং বিভিন্ন সংকটে সাধারণ মানুষের সহযোগিতা করার ক্ষেত্রে তার রয়েছে বিশেষ ভূমিকা।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের হোসেন খোকন তার প্রতিক্রিয়ায় জানান, তিনি নির্বাচিত হলে তাড়াশ সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মা-দকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত সংস্কার এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নাগরিক সেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, “জনগণের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে সেবা করে যেতে চাই। তাড়াশ সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার মূল শক্তি।
তার এই প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে তাড়াশ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের মাঝে বেশ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। এলাকার তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বিরাও তার সততা, নিষ্ঠা ও জনসেবামূলক মানসিকতার প্রশংসা করছেন।