‘নজরুল বর্ষ উপলক্ষে লামায় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন’
নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে লামা উপজেলাধীন সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) লামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, লামা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, সরকারি মাতামুহুরী কলেজের প্রভাষক সামশুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোঃ ইব্রাহিম, এনসিপির আহ্বায়ক নাজমুল হাসান এবং লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও নজরুল সম্মাননা আজীবন সদস্য তমিজউদ্দীন। তিনি নজরুলের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। শিক্ষার্থীদের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সংগীতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানুষের মুক্তি ও সমতার কথা উঠে এসেছে। তাই নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির সাহিত্য ও দর্শনের সঙ্গে তাদের আরও নিবিড়ভাবে পরিচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।