নিজস্ব প্রতিবেদক, পাবনা:
পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা উপজেলার সড়াডাঙি এলাকায় অ্যাম্বুলেন্স ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নানিসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন। চালক রাজ হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া নামে এক শিশুর মৃত্যু হয়। পরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ রাজশাহী থেকে পাবনার নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। পথে আতাইকুলার সড়াডাঙি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অ্যাম্বুলেন্সকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ হোসেন ও শিশুটির নানি বুলু খাতুন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।