জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় পৌরসভা ও সদর উপজেলা শাখার উদ্যোগে ‘সিরাতুন্নবী (সাঃ)’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল আলিম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।
সিরাতুন্নবী (সাঃ)’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, কর্ম ও মানবতার প্রতি তাঁর মহান শিক্ষা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ। তাঁর জীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, ক্ষমা, মানবিকতা ও শান্তির যে শিক্ষা রয়েছে, তা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, রাসুলুল্লাহ (সাঃ)-এর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি এবং অন্যায়-অবিচার থেকে দূরে থাকার শিক্ষা নিতে হবে। মহানবীর (সাঃ) জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনায় বক্তারা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য তুলে ধরে মহানবী (সাঃ)-এর দেখানো পথ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন পরিচালনার আহ্বান জানান।
একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে ঐক্য, শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। বিশেষ করে তাঁর সততা, আমানতদারি, ধৈর্য, ক্ষমাশীলতা, অসহায় মানুষের প্রতি সহমর্মিতা এবং ন্যায়বিচারের দৃষ্টান্ত নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।