স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘ-র্ষের রেশ কাটতে না কাটতেই দুই যুবদল নেতার ওপর হা-মলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
তারা দুজনেই পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরের সমর্থক।
নেতা-কর্মীরা জানান, রাতে দলীয় কার্যালয়ে কয়েকজন সাংবাদিক নিয়ে সংবাদ সম্মেলন করে আলোছায়া সিনেমাহল মার্কেটে চা খেতে যান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা।
সেখানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরের কয়েকজন সমর্থকের সঙ্গে তাদের বাকবিতন্ডা হলে তারা পৌর যুবদল নেতা আরিফুল ইসলাম ইরানকে মা-রধর করেন।
ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।
পরে নেতাকর্মীরা তাৎক্ষনিক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
এদিকে পঞ্চগড় বাজার থেকে বাড়ি ফেরার সময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৌছালে অপরপক্ষের নেতা-কর্মীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদকেও মা-রধর ও তার মোটর সাইকেল ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি।
তাকেও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, আরিফুল ইসলাম ইরান নামে যাকে হাসপাতালে আনা হয়েছে তার পেটের নিচে আঘাতের চিহ্ন আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপির দুই গ্রুপের মধ্যে এখনও বেশ উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান বলেন, আমিসহ কয়েকজন সিনেমা হল এলাকায় চা খেতে গেছি। এসময় আমার ওপর অতর্কিত হা-মলা করেছে ময়নুল ইসলাম, দীপুসহ অনেকে। আমি প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই। সেই সঙ্গে তাদের বহিষ্কার করার দাবি জানাচ্ছি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ইরান পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদসহ জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে নিয়ে অকথ্য ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টাপাল্টা পোস্ট করছে। আমরা তার প্রতিবাদ জানাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করি। তবে ইরান ও হারুনের ওপর কারা হা-মলা করেছে আমরা কিছুই জানি না।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোন অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।