বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বরণ করে নিতে এ আয়োজন করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার(২০ আগস্ট) রাত সাড়ে ৮টায় হলের কমনরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল বরণ করে নেয়া হয়। পরে হলের ২৮জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ব্যাংক, বিসিএসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সম্প্রতি চাকরিতে সুপারিশ প্রাপ্ত হলের আবাসিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. বজলুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম , উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রুহুল আমিন, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো হাম্মদুর রহমান, সাধারণ সম্পাদক ও সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম, হাউজ টিউটর মো. আবু হানিফ।এছাড়া উপস্থিত ছিলেন প্রথমবর্ষের নবাগত শিক্ষার্থী(লেভেল ১ , সেমিস্টার ১) ও হলের বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, নিয়মিত পড়াশোনা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ এবং নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. বজলুর রহমান মোল্যা বলেন, অনেক সংকটময় মুহূর্তে হল প্রভোস্টের এই দায়িত্ব নিয়েছিলাম। আগামীকাল আমার এই দায়িত্বের শেষ দিন। পুরো সময় জুড়ে শিক্ষার্থীরা আমাকে নানান ভাবে সহযোগিতা করেছে, আমিও আমার তরফ থেকে চেষ্টা করেছি তাদের সব চাহিদা গুলো পূরণ করার। ৬লক্ষ ৭৫ হাজার টাকা ডিপোজিট হলের তহবিলে রেখে গেলাম। আশা করি পরবর্তীতে যিনি দায়িত্বে আসবেন তিনিও সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবেন।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, আমি এই হলের শিক্ষার্থী না হলেও এই হলের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। পড়াশুনা হোক বা খেলাধুলা সবকিছুতেই এই হল সবসময় এগিয়ে থাকত। আশা করি নবীনরা বড়দের থেকে অনুপ্রাণিত হবে যারা আজ পুরস্কার গ্রহণ করলো এবং আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখবে।
*****