বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ দিলুয়ার হোসেন
শুভ বিজয়া দশমী আজ। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর আর ভক্তদের অশ্রুসিক্ত নয়নে দেবী বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের আনন্দ-উদ্যাপন শেষে আজ মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবীর গমন হয়েছে নৌকায়।
বুধবার (২১ অক্টোবর) সকালে বিহিত পূজা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়া দশমী উদ্যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর চরণে শেষ অঞ্জলি নিবেদন এবং ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। এরপর ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ, যা বিসর্জনের শোভাযাত্রাকে এক আবেগঘন পরিবেশের রূপ দেয়।
এর আগে গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনের পূজা-অর্চনা, অঞ্জলি ও সন্ধ্যার আরতিতে মুখরিত ছিল প্রতিটি মণ্ডপ।
এ বছর শাল্লা উপজেলায় মোট ৩১টি পূজামণ্ডপে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মণ্ডপগুলো ছিল বর্ণিল সাজে সজ্জিত। প্রশাসনের সহযোগিতায় ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্ধ্যার আগেই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার কড়া নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। নির্ধারিত নিয়ম ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন ভক্তরা।
শাল্লায় পূজামন্ডপ পরিদর্শনে সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধি টিমের সদস্য বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল জানান, আমরা মাননীয় এমপি নাছির চৌধুরী নির্দেশনায় পূজা মন্ডপ পরিদর্শন করেছি৷ তিনি সার্বক্ষণিক প্রতিটি পূজার খোঁজখবর নিয়েছেন। পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আমরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেছি। আমাদের দলের পক্ষ থেকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন করতে নেতৃবৃন্দরা সহযোগিতা করেন।
সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, শাল্লায় ৩১টি পূজা মন্ডপে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা সহ সব ধরনের কার্যক্রম আমরা পালন করেছি। সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজার সূচনা লগ্ন থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সুসম্পন্ন হয়েছে।