তাজা খবর
বিজ্ঞাপন

ভালুকায় দলিল লেখক মিন্টু হত্যা মামলা: ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

Liton mahmud ১২ দিন আগে | ১১:২১ AM

মোঃ বাবুল মিয়া, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় জমির দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়াকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মো. আব্দুল মতিন, আব্দুস ছাত্তার, মো. মোশারফ হোসেন, মো. মোফাজ্জল হোসেন, মো. তোফাজ্জল হোসেন, মো. নজরুল মিয়া, মো. মোখলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল ও মো. সিদ্দিক মিয়াসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. মাসুদ মিয়া ও মো. সিদ্দিক মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় উপস্থিত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট ভালুকা উপজেলার নারাঙ্গী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

বিজ্ঞাপন

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ