চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন ঘি বিক্রি, নকল বিড়ি, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রি এবং বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মূল্য তালিকা না থাকা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন ঘি বিক্রির দায়ে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা, অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজা-রজাত করায় আলী আকবরকে ১০ হাজার টাকা, নকল বিড়ি বিক্রির দায়ে মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রির দায়ে মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির দায়ে আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।