*মহাপরিচালক কর্তৃক দেশব্যাপী আনসার-ভিডিপির ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন: সততা ও পেশাদারিত্বের বার্তা*
২২ আগস্ট ২০২৬ (শনিবার):
শনিবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির শহীদ বীর প্রতীক ওয়ালী মাল্টিপারপাস কমপ্লেক্সে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটার দিকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী একযোগে ৮টি স্থাপনার উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়।
এই প্রকল্পের আওতায় নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে অফিসার্স আবাসিক ভবন এবং বগুড়ার ধুনট ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা কার্যালয় ভবন স্থাপন করা হয়েছে। বাহিনীর বর্তমান মহাপরিচালক বিগত দুই বছরে আনসার বাহিনীর কাঠামোগত সংস্কারের পাশাপাশি এর যুগোপযোগী ও সামগ্রিক রূপান্তরের অংশ হিসেবে এসব অভূতপূর্ব উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন, যা বাহিনীর আধুনিকায়নে বড় মাইলফলক।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক মাঠ পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দূরদর্শিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আরও নিষ্ঠাবান ও জনবান্ধব হয়ে ওঠার জন্য তিনি সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট, উপমহাপরিচালক (প্রশাসন), সদর দপ্তর ও একাডেমির বিভিন্ন কর্মকর্তা, আনসার ব্যাটালিয়ন ও আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া ভার্চুয়াল মাধ্যমে দেশের সকল রেঞ্জের উপমহাপরিচালক/পরিচালক, জেলা কমান্ড্যান্ট এবং সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাসহ তৃণমূলের সদস্য-সদস্যাগণ যুক্ত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
#বাংলাদেশআনসার #উন্নয়নপ্রকল্প #মহাপরিচালক #আধুনিকায়ন