মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও হুমকি দেওয়ার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, নূর আলম শেখ টঙ্গিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ইমামতি করতেন। পাশাপাশি স্থানীয় এক ছয় বছর বয়সী শি-শুকে তার বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। এ সময় শি-শুটির মায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। একপর্যায়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন বলে অভিযোগ রয়েছে।
সম্পর্কের বিষয়টি জানাজানি হলে প্রায় এক মাস আগে মসজিদ কমিটি তাকে ইমামতি থেকে বহিষ্কার করে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর ওই গৃহবধূকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও দেখা করার জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত। সর্বশেষ ভিডিওটি গৃহবধূর পরিবারের এক সদস্যের কাছে অনলাইনে পাঠিয়ে হুমকি দেন বলে অভিযোগ।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, নূর আলম শেখ বিবাহিত এবং চার সন্তানের জনক।