মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজারের একটি জুয়েলারি দোকান থেকে চুরি যাওয়া তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ জুন সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিটের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা কাঠের আলমারি ভেঙে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সালমা আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।
মামলার তদন্তে পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় সদর থানা পুলিশের একটি দল গত ৩ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে মাঠপাড়া এলাকা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দেওয়ান বাড়ি মাউশার এলাকার মৃত দেওয়ান আশরাফ আলীর ছেলে দেওয়ান মো. ওসমান মাসুদ রানা (৫০) এবং তার ভাই দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন (৩৮)। তারা বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি মাঠ এলাকায় বসবাস করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর তাঁতীবাজারের এস এস জুয়েলার্স থেকে চোরাই হিসেবে বিক্রি করা তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।