নিজস্ব প্রতিবেদক,মুন্সিগঞ্জ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক ভক্ত-পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় পুরো শহরজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও শোভাযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আয়োজিত এ উৎসব মুন্সীগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির আবহ সৃষ্টি করে।