মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের অধিকার, কল্যাণ এবং সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ‘বিএনপির কারা নির্যাতিত ৩৬শে জুলাই যোদ্ধা, মুন্সীগঞ্জ’ সংগঠনের ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর রোডের মুন টাওয়ারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনকে সভাপতি এবং মো. শামীম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. নাসির উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মিঠু, দপ্তর সম্পাদক আব্দুর রহমান প্রধান হিরন এবং অর্থবিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম খোকন।
সভায় বক্তারা বলেন, কারা নির্যাতিত নেতাকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্যের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।