তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী পরিদর্শন ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন, শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন স্পট পরিদর্শন

Liton mahmud ৩১ দিন আগে | ০৮:২৬ PM

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপনা ও পর্যটন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে সকাল ৯টায় তিনি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার দপ্তরের বিভিন্ন নথিপত্র ও রেজিস্টার পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সকাল ১০টায় তিনি শ্রীনগর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় অফিস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে দপ্তরের বিভিন্ন রেজিস্টার যাচাইয়ের পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১১টায় বিভাগীয় কমিশনার জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও পুরাকীর্তি ঘুরে দেখেন।

দুপুর ১২টায় ভাগ্যকূল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি নারী নেতৃত্বের উদাহরণ অনুসরণ করে সুস্পষ্ট ও দৃঢ় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এরপর দুপুর ১টায় তিনি ভাগ্যকূল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দুপুর ২টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলার অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা আড়িয়ল বিল পরিদর্শন করেন। এ সময় মুন্সীগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। সেখানে নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করা হয়। একই সঙ্গে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চ প্রদান করা হয়।

বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করেন তিনি। এ সময় আধুনিক, সহজ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। এ সময় তিনি জনসেবার মানোন্নয়ন, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ