মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগস্ট) জেলা শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করানো এবং প্রয়োজনীয় ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট না থাকায় প্রতিষ্ঠান-টির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
এ ছাড়া মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান-টিতে এক্স-রে টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় সনদ না থাকা এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে, পর্যাপ্তসংখ্যক ডিপ্লোমা সিস্টার না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে অনিয়ম পাওয়ায় নূরজাহান হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান লাইসেন্স নবায়ন না করে কার্যক্রম পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করলে প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লিনিক বা হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।