রায়পুর-চাঁদপুর সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘ-র্ষ, চালকসহ ৩ জন গুরুতর আহত
মো: নাজিম হোসেন
স্টাফ রিপোর্ট লক্ষীপুর,
চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে আনন্দ পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘ-র্ষে সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন নারী যাত্রী রয়েছেন। দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়ার দক্ষিণ পাশে চার মিজি মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চাঁদপুর থেকে রায়পুরের দিকে একটি আনন্দ পরিবহনের বাস যাচ্ছিল। একই সময়ে রায়পুর থেকে একটি সিএনজি অটোরিকশা চাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চার মিজি মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘ-র্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।
আহত সিএনজি চালকের নাম কালু মিয়া বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় আহত অপর দুই নারী যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জের চতুরা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। এতে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বাস ও সিএনজি চালকদের অসতর্কতা, অতিরিক্ত গতি কিংবা সড়কের পরিস্থিতি—কোন কারণে সংঘ-র্ষের ঘটনা ঘটেছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আহতদের নাম-পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।