তাজা খবর
বিজ্ঞাপন

লামায় ঢেঁকিছড়া সড়কের ইট তুলে নেওয়া নিয়ে বিরোধ, পুলিশের হস্তক্ষেপে বন্ধ কাজ

Desk Editor ১৪ দিন আগে | ১২:০৬ AM

লামায় ঢেঁকিছড়া সড়কের ইট তুলে নেওয়া নিয়ে বিরোধ, পুলিশের হস্তক্ষেপে বন্ধ কাজ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) 

 

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঢেঁকিছড়া সড়কের ব্রিক সলিং রাস্তার ইট তুলে নেওয়াকে কেন্দ্র করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ ও কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার ইট তোলার কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী মঙ্গলবার ইউনিয়ন পরিষদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসক।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ঢেঁকিছড়া সড়কের একটি অংশে ব্রিক সলিংয়ের ইট তুলে নেওয়ার উদ্যোগ নেন কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকজন। এতে আপত্তি জানায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। তাদের আপত্তি উপেক্ষা করে ইট তোলার চেষ্টা করা হলে বিষয়টি সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক রাশেদুল হক রাশেলকে অবহিত করা হয়।

পরে প্রশাসক তাৎক্ষণিকভাবে লামা থানাকে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ইট তোলার কাজ বন্ধ রাখেন।

এ সময় লামা রাবার ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মো. আরিফ, সবুজ সরদার, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা এবং সাংবাদিক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জের সামনে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ঢেঁকিছড়া সড়কের পাশে তাদের আবাসন নির্মাণের জন্য কোয়ান্টামের অর্থায়নে প্রায় ১০০ মিটার সড়কে ইট বসানো হয়েছিল। নির্মাণকাজ শেষ হওয়ায় ওই ইট তুলে অন্য জায়গায় ব্যবহারের চেষ্টা করা হচ্ছিল।

অন্যদিকে, লামা রাবার ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মো. আরিফ বলেন, ঢেঁকিছড়া সড়কটি স্থানীয় মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। বর্ষাকালে অসংখ্য মানুষ এ সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল করেন। বর্ষা মৌসুম শেষ হলে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনও চলাচল করে। তাই জনসাধারণের চলাচলের স্বার্থে তারা সড়কের ইট তুলে নিতে দিতে চান না।

এ বিষয়ে সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক রাশেদুল হক রাশেল জানান, আগামী মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে ইউনিয়ন পরিষদে বসে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সড়ক থেকে ইট না তোলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের চলাচলের সুবিধা এবং সড়কটির ভবিষ্যৎ ব্যবহার বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধটির সমাধান হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ