শাল্লায় কৃষকদের মাঝে কৃষি কার্ড ও সহায়তা বিতরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মোঃ দিলুয়ার হোসেন
“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় কৃষকদের মাঝে কৃষি কার্ড ও সহায়তা বিতরণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শাল্লা উপজেলা প্রশাসনের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা গণমিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান বিএনপি সরকার একটি জনবান্ধব সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। একইভাবে বর্তমান সরকার ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, কৃষকদের জন্য কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং প্রতিটি উপজেলা হাসপাতাল ৫০ থেকে ১৫০ শয্যায় উন্নীতকরণের কাজ হাতে নিয়েছে।”
তিনি আরও বলেন, “বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও একটি কুচক্রী মহল দেশ ও বিদেশ থেকে উস্কানি দিয়ে দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ।”
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার ও সার্কেল হুমায়ুন কবির (দিরাই-শাল্লা)। শাল্লা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শাল্লা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল মিয়া , বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, ১ম যুগ্ন আহবায়ক আব্দুল আওয়াল, বিএনপি নেতা আব্দুল করিম মাষ্টার, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা , শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, গ্রাম পুলিশ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাহাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ১০০ জন প্রান্তিক কৃষকের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে কৃষি সহায়তা ও কার্ড প্রদান করা হয়। সরকারি এই সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন কৃষক অমল সরকার ও রাসমোহন দাসসহ উপস্থিত উপকারভোগীরা।