লিটন মাহমুদ, , মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়া এক মা ও তাঁর দুই বছর বয়সী শি-শুকন্যাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ২টা ১৪ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে—কলেজের ১০ তলা ভবনের নবম তলায় একটি লিফট আটকে গেছে এবং এর ভেতরে এক নারী ও তাঁর শি-শুকন্যা রয়েছেন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। পরে লিফটের দরজা খুলে স্বল্প সময়ের মধ্যেই মা ও শি-শুকন্যাকে নিরাপদে বের করে আনা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—দুই বছর বয়সী শি-শু মরিয়ম হাসনাইন আরিফা এবং তাঁর মা লামিয়া আক্তার মিম (২৪)। লামিয়া আক্তার মিম সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ক্লাস শেষে লিফটে নিচে নামার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি আটকে যায় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই লিফটটি নবম তলায় আটকে পড়ে। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে মা ও শি-শুকে উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া মা ও শি-শুকন্যা দুজনেই সুস্থ রয়েছেন।