পঞ্চগড় জেলা প্রতিনিধি :
সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি,সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার এর মৃত্যুতে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির ভবনে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. হাসান প্রধান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুসাইন মুহাম্মদ ফজলুল বারী, পারিবারিক আপিল আদালতের জজ মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুব আলী মুয়াদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিনহাজুর রহমানসহ জেলার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাবেক জিপি অ্যাডভোকেট এম.এ. বারী এবং জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজ্ঞ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন সম্মানিত প্রতিনিধি। সততা, প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বিচার, আইন ও রাজনীতির অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আইনবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হারিয়েছে। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।