সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত গভীর রাতে ওই এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান রাজুর বাড়িতে এই ঘটনা ঘটে। চোর চক্র ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় চোর চক্র ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ভেঙে ভেতরে থাকা নগদ প্রায় ২ লক্ষ টাকা এবং সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। আজ শনিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান।
ক্ষতিগ্রস্ত সিদ্দিকুর রহমান রাজু বলেন, চোরেরা রাতের আঁধারে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ টাকা ও আমার স্ত্রীর সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা। সকালে উঠে ঘরের সবকিছু ওলটপালট দেখে আমরা স্তব্ধ হয়ে যাই। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চুরির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আমাদের তদন্ত ও অভিযান চলছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পৌর এলাকার ভেতরে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।