চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নতুন উপা-চার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. আতিকুর রহমান। বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী ড. এম. আতিকুর রহমানকে চার বছরের জন্য অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে ঘটে) বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তিনি পুনরায় নিয়োগ লাভের সুযোগও পাবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপা-চার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা গ্রহণ করবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এছাড়া প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহ আলম শিরাজ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জনস্বার্থে জারি করা হয়েছে।