সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হামকুড়িয়া শেখপাড়া জামে মসজিদ পরিচালনা ও এর চার বিঘা আয়তনের পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক-্তক্ষয়ী সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সকাল দশটার দিকে এ সংঘ-র্ষের সূত্রপাত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার বিঘা আয়তনের ওই পুকুরের দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ এবং ইব্রাহিম মেম্বার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে আজ সকালে এক পক্ষ পুকুরে মাছ ধরতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘ-র্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘ-র্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হন।
সংঘ-র্ষে আহত উভয় পক্ষের ১৫ জন হলেন— আব্দুর রশিদ, ইব্রাহিম হোসেন, ফারুক, সাব্বির হোসেন, আতাহার আলী, আঙ্গুর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল করিম, নাজমুল হক এবং তালেপসহ মোট ১৫ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনার আকস্মিকতায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ শান্ত আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।