তাজা খবর
বিজ্ঞাপন

গজারিয়ায় নাজমা জেনারেল হাসপাতাল সিলগালা, একাধিক ক্লিনিককে জরিমানা

Liton mahmud ২ দিন আগে | ০৪:৫৮ PM

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি হাসপাতাল সিলগালা, একটি সাময়িকভাবে বন্ধ এবং দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানম।

বিজ্ঞাপন

অভিযানে মোট ছয়টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এর মধ্যে ভবেরচর ইউনিয়নের গজারিয়া পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

ভবেরচর জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা এবং হামদর্দ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

অন্যদিকে, জামালদী এলাকার শুকরিয়া ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং মেঘনা ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তাদের সেবার মানে সন্তোষ প্রকাশ করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

অভিযান শেষে জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল এবং চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রাখা হবে।

লাইসেন্সবিহীন বা অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ