মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬)
সন্ধ্যা ছয় ঘটিকায় সন্ধ্যা ৬ ঘটিকায় জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি চৌকস দল।
অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত নাজমা বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, খাদ্য উৎপাদন ও টয়লেট একই স্থানে থাকা, উৎপাদনস্থলে বিড়ালের উপস্থিতি এবং টয়লেটে হাত ধোয়ার সাবান না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।
অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।
এছাড়া প্রতিষ্ঠান-টিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করা হবে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।