তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আর্থিক অনুদান প্রদান

Liton mahmud 7 hours আগে | ০৬:৫৮ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

বুধবার (৫ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ইরাদত হোসেন, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর, জেলা এনপিপির আহ্বায়ক, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে তাঁদের আদর্শ ও চেতনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এদিন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং দেশ গঠনের চেতনাকে সমাজের সর্বস্তর, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। মর্যাদাপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠান-টির সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ