নিউজ ডেস্ক:
১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেন। ওই মামলায় ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার ২য় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।
মুজিব পরদেশী আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে সোমবার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশ মুজিব পরদেশীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম তার জামিনের বিরোধিতা করেন। তিনি আদালতে বলেন, আসামি মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও দীর্ঘদিন পলাতক ছিলেন। জামিন দেওয়া হলে বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান তিনি।
প্রসঙ্গত, মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। তিনি বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। আশির দশকে বাংলা ফোক গান ও লোকগীতির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।