মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ট্রাইব-াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের জাতীয় সংস্কৃতির এক অনন্য অংশ। তাদের মৌলিক অধিকার রক্ষা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও আর্থ-সামাজিক অগ্রযাত্রাকে বেগবান করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ট্রাইব-াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্থানীয় নেতৃবৃন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি, স্থানীয় সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জমি সংক্রান্ত সুরক্ষা প্রদানসহ সরকারি-বেসরকারি নানা সুযোগ-সুবিধা বৃদ্ধির জোর দাবি জানান। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা আদিবাসী সংস্কৃতির সার্বিক বিকাশ ও অধিকার রক্ষায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।