মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, গাউছিয়া কমিটি বাংলাদেশসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাধবপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত মাধবপুর উপজেলা শাখার সভাপতি ধনু মেম্বার। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম।
সভায় বক্তব্য দেন উপদেষ্টা মাওলানা ইউসুছ আনছারী, মাওলানা হরমুজ আলী, মাওলানা রফিকুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. এখলাছুর রহমান সিরাজী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত মাধবপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান আজিজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিউর রহমান, সদস্য মাওলানা আজিজুর রহমান, শায়ের হাফেজ আবজল হোসাইন, শায়ের তানবির এবং ছাত্রসেনা মাধবপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার অনন্য শিক্ষা। মহানবীর আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে— ১. অর্থ তহবিল গঠন, ২. আপ্যায়ন উপ-কমিটি গঠন এবং ৩. আগামী ২৬ আগস্ট সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়ে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী জশনে জুলুছ সম্পন্ন করা।
সভায় ঈদে মিলাদুন্নবী (দ.)-এর অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিশেষভাবে সালাতু সালাম ও দোয়া অনুষ্ঠিত হয়।