চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথায় ৩ রেস্তোরাঁকে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি: মো: জসিম
চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান ব্যবহারের দায়ে তিন-টি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (চট্টগাম) আফতাবুজ্জামানের নেতৃত্বে পরিচালিত নিয়মিত তদারকি কার্যক্রমে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানসূত্রে জানা যায়:
* গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্ট: অতি অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণ, মেয়াদবিহীন দধি এবং বাসি গ্রিল ও রান্না করা মাংস বিক্রয়ের জন্য ফ্রিজে মজুত রাখার দায়ে প্রতিষ্ঠান-টিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।
* ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট: অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সাথেই উন্মুক্তভাবে বাসি তরকারি ও রান্না করা মাংস সংরক্ষণের অপরাধে ৮০,০০০ (আশি হাজার) টাকা জরিমানা করা হয়।
* হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়ি: অপরিচ্ছন্ন পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল (শিল্পজাত) লবণ ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থ ও ভোক্তা-অধিকার রক্ষায় অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এ ধরনের ভেজালবিরোধী অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।