শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসায় ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
মেরাজ বিন আশকর:
তাহিরপুর (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসায় ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদেরও দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৈলনপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. মইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সফি উল্লাহ ও মুহতামিম মাওলানা আবু সাঈদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলায়েত হোসেন। এ সময় শিমুলতলা জামে মসজিদের সভাপতি মো. ফরিদ মিয়া তালুকদার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রদান, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।